ডেস্ক রিপোর্ট: দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়েছে। বর্তমানে দেশে মোট ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন সার মজুত রয়েছে। আসন্ন রবি মৌসুমে সারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত চাহিদা নিরূপণ ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম সংকট ঠেকাতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বজায় রাখতে মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ, চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং সারের মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খবর বাসসের।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।
বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন।
এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রকৃত চাহিদা নিরূপণ এবং বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন নিশ্চিত করা। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে।
পাশাপাশি আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা যাচাই করে যথাসময়ে তথ্য পাঠাতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম চাহিদার তথ্য পাঠানো যাবে না।
সারের সুষ্ঠু বিতরণ ও অনিয়ম প্রতিরোধে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত অভিযান চালাতে বলা হয়েছে। প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধেও কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে সারের মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে।
তিনি বলেন, কৃষকদের মনে কোনো ধরনের বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে আমাদের উপ-পরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কৃষকদের প্রয়োজনীয় সারের বাইরে বেশি সংগ্রহ করে ঘরে সংরক্ষণ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষক প্রয়োজনীয় সার পাবেন। আমরা কঠোরভাবে মনিটরিং করছি যাতে কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা তাদের সার সময়মতো পান।
আবদুর রহিম বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যারা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও মাঠ প্রশাসনের কাজ সমন্বয় করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের কৃষি উৎপাদন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। স্বস্তির বিষয় হলো, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক রয়েছে এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার আমাদের হাতে মজুত আছে।
তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর মনিটরিং বজায় রাখছে। কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি সচিব বলেন, আনন্দের বিষয় হচ্ছে কঠোর মনিটরিংয়ের কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চল হচ্ছে ফসলের হাব। দেশের খাদ্য নিরাপত্তার বড় উৎস হচ্ছে উত্তরবঙ্গ। তাই ফসলের নিবিড়তার কথা চিন্তা করে আসন্ন রবি মৌসুমে কৃষকের নিকট সার সরবরাহ যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে রাজশাহী, খুলনা ও রংপুরের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয় থেকে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সচিব বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সমন্বিত পদক্ষেপের ফলে রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না এবং কৃষকরা ন্যায্যমূল্যেই সময়মতো সার পাবেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available