ডেস্ক রিপোর্ট: একসময় ‘মঙ্গা’ ছিল উত্তরবঙ্গের মানুষের কাছে আতঙ্কের নাম। কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য ও খাদ্যসংকটে বছরের নির্দিষ্ট সময়ে এ অঞ্চলের অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাজ ও খাদ্যের সন্ধানে ছুটতে হতো এক জনপদ থেকে অন্য জনপদে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার।
কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় গড়ে তোলা হবে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল।
কৃষি মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পরিকল্পনা অনুযায়ী, কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গড়ে উঠবে সমন্বিত ব্যবস্থা। এতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। খবর বাসসের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের মধ্যে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ অন্যতম। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।
প্রকল্পটির মূল লক্ষ্য কৃষিকে একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এ লক্ষ্যে কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে। এতে কৃষিপণ্যের অপচয় কমবে, পণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্য ও শিল্পপণ্য তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষি ও শিল্পের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একসময় মঙ্গার কারণে পরিচিত অঞ্চলটি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। কৃষির সঙ্গে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থান যুক্ত হলে স্থানীয় মানুষের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।
এদিকে কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের পাশাপাশি কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোট পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী কৃষক কার্ড কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলায় এ কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। ব্যাংক হিসাব খোলার জন্য ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য তথ্য আদান-প্রদানের ব্যবস্থায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ পর্যন্ত ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ সহায়তা হিসেবে কৃষকদের ব্যাংক হিসাবে বিতরণ করা হয়েছে ৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭০ কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, কৃষিসেবা সহজ করা এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড এবং কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়িত হলে দেশের কৃষি কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। একদিকে কৃষক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন, অন্যদিকে উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়বে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক নতুন শিল্প ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তৈরি হবে।
একসময় যে উত্তরবঙ্গের মানুষের কাছে মঙ্গা ছিল খাদ্য ও কর্মসংস্থানের সংকটের প্রতীক, সেই অঞ্চলকে কৃষি উৎপাদন, শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনাময় জনপদে রূপান্তর করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। কৃষককে উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং উৎপাদিত পণ্যের বাণিজ্যিক মূল্য নিশ্চিত করার মধ্য দিয়ে উত্তরবঙ্গের অর্থনীতিতে স্থায়ী পরিবর্তন আনার প্রত্যাশা করছে সরকার।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, একসময় মঙ্গা উত্তরবঙ্গের মানুষের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের কৃষিতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের জন্য নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।
জানতে চাইলে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা চাই, উত্তরবঙ্গের কৃষক উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য সংযোজনের সুফলও পান।
বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষিকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে কৃষি সচিব বলেন, এ লক্ষ্যে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং দেশি-বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে চাই।
তিনি বলেন, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি এগ্রো প্রসেসিং জোন গড়ে উঠলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available