• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

হালদা পাড়ের মিষ্টি মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে

২৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:০৯

হালদা পাড়ের মিষ্টি মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
হাটাজারীর মিষ্টি মরিচ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচের খ্যাতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। হালদা নদীর তীরবর্তী উর্বর জমিতে উৎপাদিত বিশেষ বৈশিষ্ট্যের এই মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তুলনামূলক কম ঝাল, আকর্ষণীয় রং ও বিশেষ সুগন্ধের কারণে দেশ-বিদেশে এর চাহিদা বাড়ছে। খবর বাসসের।

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় বছরের পর বছর ধরে এ মরিচের চাষ করে আসছেন উত্তর চট্টগ্রামের কৃষকরা। স্থানীয়ভাবে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত। রান্নায় স্বাদ, ঘ্রাণ ও রংয়ের ভিন্নতার কারণে গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে দীর্ঘদিন ধরেই এর বিশেষ কদর রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মিষ্টি মরিচ বলতে স্বাদে মিষ্টি বোঝায় না। বরং এর বিশেষ সুগন্ধ এবং তুলনামূলক কম ঝালের কারণেই মরিচটি এ নামে পরিচিতি পেয়েছে। ব্রিটিশ আমল থেকেই হাটহাজারীর এ মরিচের সুনাম রয়েছে। কাঁচা ও শুকনো—দুই অবস্থাতেই এর রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কাঁচা অবস্থায় রং হলুদাভ সবুজ এবং শুকনো অবস্থায় আকর্ষণীয় কালচে লাল।

আরও পড়ুন

উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ছে সরকার, তৈরি হবে নতুন কর্মসংস্থান

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটহাজারীর গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারাসহ বিভিন্ন এলাকায় কয়েকশ একর জমিতে এ মরিচের চাষ হয়। বিশেষ করে হালদা নদীর তীরবর্তী জমি ও চরাঞ্চলে এর আবাদ বেশি। অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ থাকলে প্রতি মৌসুমে একজন কৃষক ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারেন। এক ফসলের আবাদে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হলেও কৃষকদের ভালো লাভ থাকে।

হাটহাজারীর মিষ্টি মরিচের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ঘ্রাণ। এ মরিচ দিয়ে রান্না করা তরকারির পাশাপাশি কাঁচা মরিচের চাটনি ও সালাদও বেশ সুস্বাদু। হালদা নদীর অববাহিকার মাটি ও জলবায়ুর কারণে মরিচটির স্বাদ, ঘ্রাণ ও গুণগত বৈশিষ্ট্য আলাদা বলে মনে করেন স্থানীয় কৃষকরা।

দামের দিক থেকেও আলাদা

আরও পড়ুন

খাগড়াছড়ি পানছড়িতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

অন্যান্য জাতের মরিচের তুলনায় হালদা মরিচের দাম বেশি। বাজারের চাহিদা ও মৌসুমভেদে প্রতি কেজি ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সাধারণ দেশি মরিচের তুলনায় এর দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় অবস্থিত রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও এ জাতের মরিচ চাষ হয়। তবে একই বীজে চাষ করা হলেও হাটহাজারীর মরিচের চাহিদা তুলনামূলক বেশি। এর অন্যতম কারণ হিসেবে স্থানীয় কৃষকরা হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি ও অনুকূল জলবায়ুর কথা উল্লেখ করেন।

যেখানে পাওয়া যায়

আরও পড়ুন

দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন

হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি অবস্থিত ‘মরিচ হাটার গলি’তে প্রতি রোববার ও বৃহস্পতিবার এ মরিচের বেচাকেনা হয়। অন্যান্য জাতের মরিচের তুলনায় দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। শীত মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ এ মরিচের চারা সংগ্রহের জন্য অপেক্ষায় থাকেন। ফটিকছড়ি, রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরাও বীজ ও চারা কিনতে এ বাজারে আসেন।

পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বাজারের তুলনায় হাটহাজারী বাজারে এ মরিচ অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায়। এ মরিচ কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ‘মরিচ হাটার গলি’তে ভিড় করেন।

তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচের নামে যে মরিচ বাজারজাত করছে, তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আলমগীর বলেন, এসব কোম্পানি আমাদের কাছ থেকে কখনও মরিচ কেনে না। আর এসব কোম্পানির মরিচ হাটহাজারীর মরিচ হিসেবে কীভাবে বিক্রি হয় তা প্রশ্ন সাপেক্ষ?

আরও পড়ুন

৪৭৪ কোটি টাকার প্রকল্পে দক্ষ ব্যবস্থাপনা, কৃষকের আস্থা অর্জনে পরিচালক হুমায়ুন কবির

হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্যপ্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম বাসসকে জানান, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের চেয়ে হাটহাজারীর মরিচের মূল্যে অন্তত ২শ’ টাকা বেশি। এ মরিচ আমারা শুধু নিজেরা তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করার পাশাপাশি আমাদের প্রিয়জন যারা দেশের বাইরে থাকেন তাদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকি।’

আবাদ বাড়াতে উদ্যোগ

হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলায় হালদা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে এ মরিচের আবাদ হয়ে আসছে। তবে কৃষকদের নিজস্ব উদ্যোগে বীজ উৎপাদন ও সংরক্ষণের কারণে দীর্ঘমেয়াদে জাতটির মাতৃগুণাগুণ ও রোগবালাই সহনশীলতা কমে আসছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এতে মরিচটির আবাদে কৃষকদের আগ্রহও কমছে। ফলে দেশীয় এ জাতের পরিবর্তে অনেক কৃষক হাইব্রিড মরিচ চাষের দিকে ঝুঁকছেন।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

এ পরিস্থিতিতে হালদা মরিচের আবাদ বাড়াতে কয়েকটি সুপারিশ করেছে উপজেলা কৃষি অফিস। এর মধ্যে রয়েছে—মরিচের বীজের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ ও উচ্চফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম গ্রহণ; বিশুদ্ধ বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ; মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহারে উৎসাহিত করা এবং সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা।

এ ছাড়া হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন, উৎপাদক দল গঠন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বাড়ানোর কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে এ কার্যক্রম শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও তদারকি করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। পাশাপাশি এ মরিচের চাষাবাদে অন্য কৃষকদেরও উৎসাহিত করা হচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ