অনলাইন ডেস্ক: সাইবার হামলার চরম ঝুঁকিতে টানা প্রায় তিন দিন বন্ধ রাখার পর অবশেষে পুনরায় চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। ২৫ অক্টোবর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুরোপুরি সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কেবল বাংলাদেশ ব্যাংকই নয়, পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষাভিত্তিক পরিচালিত একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও একইভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে জনতা ব্যাংকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সার্ভার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি (Vulnerability) শনাক্ত হওয়ার পরই মূলত সাইবার ঝুঁকি এড়াতে এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও এই কয়েক দিন কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যকার অভ্যন্তরীণ লেনদেন ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ছিল। পরবর্তীতে ওয়েবসাইটের নিরাপত্তাজনিত দুর্বলতাগুলো ভালোভাবে যাচাই ও সংশোধন শেষে পুনরায় তা চালুর উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, পিএইচপির এই স্পর্শকাতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক পর্যায়েও বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়। ত্রুটি সমাধানের জন্য নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও, তা পুরোপুরি কার্যকর করার আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ পেয়ে গেলে এই ঝুঁকির সৃষ্টি হয়।
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available