• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৩:২০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

১৮ নভেম্বর ২০২৬ রাত ১০:০৪:৩৮

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ক্ষতিগ্রস্তদের জন্য আগের অবস্থায় নতুন করে ঘর নির্মাণের পাশাপাশি খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

১৮ নভেম্বর বুধবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব ঘোষণা দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডিএনসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের উন্নয়ন এবং জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানিও ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসাসেবা দিতে সেখানে একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতে খাবার সরবরাহ করা হচ্ছে। ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুধবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টন আরও জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়া হবে। এ বিষয়ে ভূমির মালিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে। তাই আগামী দুই মাস তাদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে আগামী এক বছরের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার নোটিশ দেওয়া যাবে না।

পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে অনিয়ম ঠেকাতে বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

আরও পড়ুন

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে: ডিএসসিসি প্রশাসক

এর আগে বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তির একটি অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ