ডেস্ক রিপোর্ট: কক্সবাজার শহরে সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিনা কারণে বাসার বাইরে পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। এ ক্ষেত্রে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে মা-বাবাকে খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
৩১ অক্টোবর শনিবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটিকে শুধু ওই ব্যক্তির একার দায় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবার, প্রতিবেশী ও সমাজপতিদেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তরুণ ও যুবকদের প্রতি নজর রাখতে হবে।
তিনি বলেন, আশপাশে যৌতুকের জন্য কোনো নারী নির্যাতনের শিকার হলে প্রতিবাদ করতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর আর দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে।
কক্সবাজারে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সামাজিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available