• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৮:১৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্র, পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৩:০১

জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্র, পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন

রাঙামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষি আধুনিকায়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের অগ্রাধিকার বাস্তবায়নে পাহাড়ের প্রান্তিক কৃষকদের জন্য প্রায় ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে কৃষিকাজ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন আধুনিক সরঞ্জাম। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ পাহাড়ের কৃষিতে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত ফসল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিক বাজারজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি করবে।

১৬ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলাভিত্তিক পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমানের উন্নয়ন। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলার কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, ফুড ড্রায়ার, জুসার ও সিলারসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন সরঞ্জাম রয়েছে। পর্যায়ক্রমে কৃষকদের প্রয়োজন অনুযায়ী আরও আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় উপজেলা ভিত্তিতে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতেই স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এসব আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন

জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর কিশোরকে ১০ বছরের আটকাদেশ

তিনি বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ ও বাজারজাত করার সুযোগ তৈরি হবে। ফুড ড্রায়ার দিয়ে শুকনো খাদ্যপণ্য, জুসার দিয়ে ফলের জুস এবং সিলার মেশিনের মাধ্যমে প্যাকেজিং করা যাবে। অন্যদিকে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র কৃষকদের শ্রম ও সময় সাশ্রয়ে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, পাহাড়ের কৃষিতে দীর্ঘদিনের অন্যতম বড় সংকট উৎপাদিত ফসলের সংরক্ষণ ও বাজারজাতকরণ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি বড় অংশ নষ্ট হয়। ফলে উৎপাদন করেও ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হন অনেক কৃষক। নতুন এ উদ্যোগের মাধ্যমে কাঁচা কৃষিপণ্যের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ করে পাহাড়ে উৎপাদিত আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠাল দিয়ে জুস, শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির সম্ভাবনা রয়েছে। ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল সংরক্ষণ, জুসার দিয়ে পানীয় তৈরি এবং সিলার মেশিনের সাহায্যে প্যাকেজিং করে বাজারজাত করা সম্ভব হবে। পাশাপাশি বেকারি পণ্য তৈরিসহ ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম গড়ে তোলার সুযোগও তৈরি হতে পারে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ

তিন পার্বত্য জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাঙামাটি। প্রায় ১৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস এ জেলার বিস্তীর্ণ পাহাড়ি জনপদে। এসব এলাকার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অথচ আধুনিক প্রযুক্তি, কৃষিযন্ত্র, সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে দীর্ঘদিন ধরেই পাহাড়ের কৃষি সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটছে না।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রায় ৭ কোটি টাকার এ উদ্যোগ যথাযথ বাস্তবায়ন ও তদারকির মাধ্যমে পাহাড়ের কৃষিতে নতুন গতি আনবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় ও শারীরিক শ্রম কমার পাশাপাশি ফসলের অপচয় রোধ, মূল্য সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক পরিবারের আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২