পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
১৫ নভেম্বর রোববার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা খালপাড়ের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, যার ফলে নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী ও দুটি পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের একটি চা দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একে একে গ্রাস করে নেয় আশপাশের ১৮টি দোকান এবং ৫টি বসতঘর।
স্থানীয় ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথম আগুনের কুণ্ডলী দেখা যায়। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। এই অগ্নিকাণ্ডে কেবল নিজেরই প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আরেক ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্থানীয়রা নিজ উদ্যোগেই আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের অন্য পাশে দোকান থাকায় তাঁর প্রতিষ্ঠান রক্ষা পেলেও চোখের সামনেই সর্বস্ব হারিয়েছেন বহু ব্যবসায়ী।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোকে দায়ী করছেন স্থানীয়রা। বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা যেত।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল জানান, এগারগ্রাম এলাকার সড়কের সেতুটি ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ আকার ধারণ করে এবং দুটি পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। কিন্তু এগারগ্রাম এলাকার সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে সরাসরি যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। তবে এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে সোমবার সকাল ১০টার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। একইসঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available