ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
১৮ নভেম্বর বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available