ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে টহল পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তা নিভিয়ে ফেলেন।
ওসি জানান, ভবনটির পূর্ব পাশের নিচতলার ওই অংশে গত ১০ থেকে ১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। সেখানে পুরোনো আসবাব ও কাপড়চোপড় জমা ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পৌনে ২টা পর্যন্ত পুলিশের একটি দল বাড়িটিতে অবস্থান করছিল।
ড. মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তবে তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available