নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারের বাইরের কংক্রিটের আস্তরণ খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। এ পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের দাবি, অগ্নিকাণ্ডের সময় পিলারটি ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সংস্পর্শে আসে। এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলারসংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে পিলারসংলগ্ন জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থান পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একটি একতলা মার্কেটের জুতা তৈরির দোকান রয়েছে। সেখানে তৈরি করা প্লাস্টিকের স্যান্ডেল ও উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। তাঁর ধারণা, রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের উচ্ছিষ্ট থেকে ওই প্লাস্টিকের বস্তায় আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তেই আগুন পাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে এবং পিলারেও তাপের প্রভাব পড়ে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে এখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। অতিরিক্ত তাপের কারণে পিলারের কংক্রিটের বাইরের আস্তরণ খসে পড়ে এবং ভেতরের রড বেরিয়ে আসে।
এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, “আমরা ঘটনাটিকে নাশকতার অংশ বলেই সন্দেহ করছি। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। রাস্তায় আমাদের দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে, আশা করি দ্রুতই সত্য উন্মোচিত হবে।”
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেলসংযোগ প্রকল্পের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পিলারটির প্রয়োজনীয় সংস্কারকাজ করছেন।
তিনি বলেন, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available