ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর শুক্রবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
রাত ৯টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার গোলচত্বর ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলতে থাকে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান।
সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available