ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংঘর্ষের পাশাপাশি ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
২৯ নভেম্বর রোববার ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেছিল। এ সময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।
এর আগে ভোর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাজিরা প্রান্তের নাওডোবা গোলচত্বরে জড়ো হয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে গেলে সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে।
পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল এবং সমাবেশের প্যান্ডেলে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ছাড়া নাওডোবা গোলচত্বর এলাকায় আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেস রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে অবরোধকারীরা সরে গেলে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available