ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত ছিলেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে হবে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
নিজের অবস্থান ব্যাখ্যা করে রফিকুল আলম বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসি।’ আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available