ডেস্ক রিপোর্ট: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আহাদ (১৯) নামে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)।
গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হিরন মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটে নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এর একটি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সাড়ে ৯টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, ওই অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে তালহা বিন জসিম জানান, দগ্ধ আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, আহাদ, আবদুল্লাহ ও আশরাফুলকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চারজনেরই চিকিৎসা চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available