খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘরসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা পুড়ে গেছে। এতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনসংলগ্ন এলাকায় মো. গিয়াস উদ্দিনের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা পুড়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো. রাজ্জাক, মো. নজরুল, মো. গিয়াস উদ্দিন, মো. রফিক ও মো. জয়নাল। তাঁদের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনা কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available