• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:২৪ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, এমপিসহ আহত শতাধিক

১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৭:৩৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, এমপিসহ আহত শতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত হয়েছেন। এ ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন দুমড়েমুচড়ে গেছে এবং আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

১৩ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছন থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকসহ অন্তত ১৫টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। মুহূর্তেই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমপিসহ আহত ৫০

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুকসুদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে আসছিলেন সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। একই বহরে নিজস্ব গাড়িতে সফর করছিলেন বিএনপি নেতা ইলিয়াস ফকির।
বহরটি বরইতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে এমপির ব্যবহৃত পাজেরো গাড়িটির পেছনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য ও তাঁর গাড়ির সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত ইলিয়াস ফকিরকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলার কেকেরহাটের ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার প্লাটিনাম হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয় বলে প্লাটিনাম হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ-তরুণীর

সহযাত্রী ও রাজনৈতিক সহকর্মীর এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০