আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার ধাতুটির দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে স্বর্ণের দামে বড় ধরনের উত্থানের সম্ভাবনা আপাতত বাধাগ্রস্ত হচ্ছে।
১১ নভেম্বর বুধবার বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ১০ নভেম্বর মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমে আসে।
এদিকে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৫ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মঙ্গলবার বড় দরপতনের পর বাজারে পুনরুদ্ধারের প্রবণতা দেখা যাচ্ছে। কারণ, দরপতনের সুযোগ নেওয়া ব্যবসায়ীরা মুনাফা তুলে নিচ্ছেন।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বুধবার রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৫০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। সূত্র: রয়টার্স
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available