আন্তর্জাতিক ডেস্ক: ভারতে স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে মূল্যবান এই ধাতুর দাম কমতে কমতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সর্বশেষ লেনদেন শেষে দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি।
জানুয়ারিতে গড়া সর্বোচ্চ দামের তুলনায় প্রতি ১০ গ্রামে কমেছে ৫৮ হাজার ৮৩০ রুপি। ভরির হিসাবে (১১.৬৬৪ গ্রাম) এই পতনের পরিমাণ প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা।
২২ নভেম্বর রোববার প্রকাশিত লাইভমিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। এরপর থেকে বিভিন্ন সময় দরপতনের মধ্য দিয়ে সর্বশেষ দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সর্বশেষ লেনদেন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ ডলার। বছরের শুরুতে গড়া ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের রেকর্ড দামের তুলনায় কমেছে প্রায় ২ হাজার ৮৭ ডলার।
যে কারণে কমছে স্বর্ণের দাম
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির সরকারি বন্ডের উচ্চ সুদহার স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষ করে ফেডারেল রিজার্ভের সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়তে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। অন্যদিকে ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনও স্বর্ণসহ বিভিন্ন পণ্যের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে। নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা মূল্যবান ধাতু ও অন্যান্য পণ্যে নিজেদের বিনিয়োগ কমিয়ে দিচ্ছেন।
রুপির দরবৃদ্ধিও প্রভাব ফেলছে
ভারতের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের দাম নির্ধারণে ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে আসা এবং মুদ্রাবাজারের পরিস্থিতির উন্নতির কারণে রুপির দর বেড়েছে।
সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৬। রুপির এই দরবৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজার থেকে স্বর্ণ আমদানির ব্যয় কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম কমার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও স্বর্ণের দরপতন আরও ত্বরান্বিত হয়েছে।
তবে বৈশ্বিক মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনা মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আরও কমতে পারে স্বর্ণের দাম
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার একটি গুরুত্বপূর্ণ সমর্থনস্তর। এই স্তরের নিচে দাম নেমে গেলে তা আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।
একইভাবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম কমে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নেমে আসার আশঙ্কা রয়েছে।
তবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে আসবে, এমন সম্ভাবনা দেখছেন না দেশটির এক বাজার বিশ্লেষক। তাঁর মতে, ভারত ও আন্তর্জাতিক—উভয় বাজারেই স্বর্ণ অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে এখান থেকে দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে।
তাঁর মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ ভিত্তি পয়েন্টের কম বাড়ালে এবং ২৩ নভেম্বর প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে স্বর্ণের বাজারে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে। এতে মূল্যবান এই ধাতুর দাম আবারও বাড়তে পারে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available