ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ ২৮ নভেম্বর শনিবার রাত ১২টায়। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আবেদনের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান ইউনিট। তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ দশমিক ৪২ জন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৩৩ দশমিক ৬ জন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ দশমিক ৯৪ জন।
আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে, চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৪১ দশমিক ৮৩ জন।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাকি চারটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা ও আইবিএ।
এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর নতুন করে আবেদনের যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধিত সময় অনুযায়ী আজ ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
এ ছাড়া দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ও পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে যেতে হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available