মানিকগঞ্জ প্রতিনিধি: দলের কমিটি গঠনে কোনো ধরনের অন্যায় চাপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, গত ১৭ বছর যারা দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করেই সংগঠন গড়ে তুলতে হবে। এ জন্য দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।
২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, দলের মধ্যে কারও সঙ্গে দ্বন্দ্ব থাকলেও তা মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের, দলের ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে কাজ করছেন। তাঁর বার্তা অনুসরণ করে দলকে সুসংগঠিত করতে হবে।
নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে পাশে থাকার কথা স্মরণ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকতেন তিনি। এখন বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কমিটি গঠনের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু তাঁর ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। দলের জ্যেষ্ঠ নেতাদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেউ জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে তা মেনে নেওয়া উচিত নয়। অন্যায়ের সঙ্গে আপস না করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের কাছে তিনি কখনো অন্যায় আবদার করেননি। এমনকি দলের কেউ অন্যায় করলে প্রয়োজনে তাঁর বিরুদ্ধে দ্বিগুণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। দলকে সুসংগঠিত করতে ন্যায়নীতি ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের সচেতন হতে হবে। কোনো ধরনের প্রলোভনে পড়ে ভোট দেওয়া যাবে না। যাঁরা মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, তাঁদেরই নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়। তাই সৎ ও যোগ্য চেয়ারম্যান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের এমন প্রতিনিধি বেছে নিতে হবে, যাঁদের মাধ্যমে এলাকার মানুষের চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী।
এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available