অনলাইন ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
২৮ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় মোট ৩ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available