অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত সরকারি পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মো. জাহাঙ্গীর (এসআই) নামের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন।
৪ নভেম্বর বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের একটি কক্ষ থেকে ওই এসআইকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, বুধবার সকালে নিজ পিস্তলের গুলিতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available