• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৯:৩১ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে এবং সদর উপজেলার অখণ্ডতা রক্ষার দাবিতে ডাকা রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

৮ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের পক্ষ থেকে কার্যকর সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম জানান, সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের অনুরোধ জানানো হয়। নেতৃবৃন্দ সেই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন। উদ্ভূত সংকট সমাধানে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসা হবে, যেখানে স্থানীয় সংসদ সদস্যও সরাসরি উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা গোমেজ

এর আগে রোববার সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় জড়ো হয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ওপর অবস্থান নিয়ে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ এই অবরোধের কারণে রেলপথের উভয় পাশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম শিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। এ ছাড়া সকালের দিকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর স্বাভাবিক যাত্রা বিঘ্নিত হওয়ায় শত শত ট্রেনযাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম পৃথক করে সম্প্রতি ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয় এবং নবগঠিত ইউনিয়নটিকে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। তবে সদর উপজেলা থেকে বিভক্ত করে আখাউড়ার সঙ্গে যুক্ত করার এই সরকারি সিদ্ধান্ত শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।

আরও পড়ুন

জয়পুরহাটে ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

এর আগেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচি পালন করা হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। ফলে সদর উপজেলার ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, সদরকে বিভক্ত করার চক্রান্ত প্রতিহত করা এবং বাসুদেব ইউনিয়নকে আগের অবস্থায় পুনর্বহালের একদফা দাবিতে শেষ পর্যন্ত রেলপথ ও মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির ডাক দেন স্থানীয় বাসিন্দারা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ