• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩৯:৩৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

১৯ নভেম্বর চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল

১৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:১৫

১৯ নভেম্বর চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল

পাবনা প্রতিনিধি: পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ। এদিন পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম।

উদ্বোধনকে কেন্দ্র করে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন এই যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঢাকা স্টেশন থেকে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে পেরিয়ে যায় কয়েক দশক। অবশেষে ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নির্মাণ করা হয় নতুন রেলপথ। ২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র ভোগান্তি

নতুন রেল যোগাযোগ চালুর প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে নানা কার্যক্রম। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রস্তুত করা হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো। এদিকে ভারত থেকে দেশে আনা হয়েছে ১৮টি নতুন রেলকোচ। এর মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে। নতুন এই ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে পাবনাবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আনন্দিত সাধারণ মানুষ। 

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা লিটন আলী বলেন, সেই কত বছর হয়ে গেল পাবনাতে রেল রাস্তা হল স্টেশন হল কিন্তু ঢাকার সঙ্গে রেল যোগাযোগ হল না। অবশেষে আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো আগামী ১৯ তারিখ এই ট্রেনের উদ্বোধন। পৌর এলাকার মিলন খান বলেন, পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক খুশির ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য। 

আলমগীর হোসেন বলেন, এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত ঢাকা পাবনা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এজন্য। তবে ট্রেনের রুট নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ। কারণ, পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অনেকে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, ভবিষ্যতে ঈশ্বরদীর মাঝগ্রাম হয়ে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও জানান, নতুন এই রেলযোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:০৩