অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূ্ত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।
সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available