অনলাইন ডেস্ক: পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে এশিয়ার শকুনদের বিলুপ্তির হাত থেকে রক্ষার জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (সেভ)-এর ২ দিনব্যাপী বার্ষিক সম্মেলন।
২৫ নভেম্বর বুধবার সকালে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামীকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার। এতে ৯টি দেশের ৪৫ জনের অধিক অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।
সুন্দরবনের অভ্যন্তরে ট্যুরিস্ট ভেসেল মালাঙ্গীতে অনুষ্ঠিত ২ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বনবিভাগ। এতে সহযোগী হিসেবে রয়েছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
এছাড়া সম্মেলনটি আয়োজনে সহায়তা করেছে দ্য পেরেগ্রিন ফান্ড এবং দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভের চেয়ার জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, বাংলাদেশ শকুন সংরক্ষণে আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে ‘দুটি শকুন নিরাপদ এলাকা’ (ভালচার সেফ জোন) ঘোষণা, ২০১০ সালে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশু চিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মতো যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ এ সাফল্য অর্জন করেছে। এসব অর্জনের পাশাপাশি সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনে এ সম্মেলনের আয়োজন করা বিশেষ তাৎপর্য বহন করে। কারণ বিশ্বের বৃহত্তম এই অখণ্ড ম্যানগ্রোভ বনটি মহাবিপন্ন প্রজাতির বাংলা শকুনের বাংলাদেশের অবশিষ্ট ২টি প্রজনন কলোনির একটির আবাসস্থল এবং এটি দেশের দ্বিতীয় ‘শকুন নিরাপদ এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত।
প্রধান বন সংরক্ষক বলেন, ২ দিনব্যাপী এ সম্মেলনে প্রতিনিধিরা সমগ্র এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা করবেন, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় করবেন এবং পশুচিকিৎসা ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তঃসীমান্ত সংরক্ষণসহ উদীয়মান চ্যালেঞ্জ ও অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করবেন। যেহেতু শকুন প্রায়ই দেশের সীমানা অতিক্রম করে চলাচল করে, তাই এদের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available