অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে বাস চলবে না।
২৮ নভেম্বর শনিবার বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে আবার কবে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পরের পরিস্থিতি বিবেচনা করে এ পথে বাস চালানো হবে কী না, সিদ্ধান্ত জানানো হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
তিনি বলেন, ‘এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।’
এর আগে, গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।
এদিকে, আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available