ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত যমজ দুই কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। পরে জুমার নামাজের পর জাহেদের স্ত্রী আফিয়া বেগম একটি সামাজিক অনুষ্ঠানে চলে গেলে দুই যমজ সন্তানকে নিয়ে জাহেদ তার শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available