নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওমরাহ হজ্জ যাত্রীদের সৌদি আরব পাঠানোর বিমানের টিকিট সরবরাহের প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২৭ নভেম্বর শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
এর আগে গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন ‘ফিনলে আবাসিক’ এলাকার একটি ফ্ল্যাটের বাথরুমের ফলছাদের নিচে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রবিউল হোসেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি খুলশী থানার দক্ষিণ খুলশী ইস্পাহানী পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবের বিমানের টিকিট দেওয়ার নামে ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্র। চুক্তি অনুযায়ী বাদী নিজ ডাচ-বাংলা ব্যাংক হিসাব থেকে আসামিদের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা প্রদান করেন। পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের টিকিট না দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র নয়জন যাত্রীর আসা-যাওয়া এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট দেওয়া হয়।
ফিরতি টিকিট না দেওয়ায় বাদী বাধ্য হয়ে নিজ খরচে ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করে ৭০ জন ওমরাহ যাত্রীকে দেশে ফিরিয়ে আনেন। এছাড়া চুক্তির অবশিষ্ট ১৬৯টি টিকিট (মূল্য ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা) সরবরাহ না করে আসামিরা আত্মসাৎ করেন। সব মিলিয়ে বাদীর ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা পাওনা হয়। এ পাওনা টাকা ও টিকিট ফেরত চাইলে আসামিরা উল্টো বাদীর কার্যালয়ে ঢুকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
মামলাটি গত ১৯ অক্টোবর তদন্তভার গ্রহণ করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলশীতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে। পরে আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউল টিকিট দেওয়ার নামে ২ কোটি ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আসামির বিভিন্ন ব্যাংকে মোট নয়টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার মোবাইল ফোনে দেশি-বিদেশি এয়ারলাইনসের টিকিট ও অর্থ লেনদেনের নানা অ্যাপস পাওয়া গেছে। রবিউল সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে সমপরিমাণ টাকার ব্যাংক চেক দিয়ে বিশ্বাস অর্জন করতেন। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে প্রতারণার অভিযোগে অন্তত আটটি মামলা বিচারাধীন রয়েছে।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশে জানান, ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার নাম করে নিরীহ ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছিল এই সংঘবদ্ধ চক্রটি। তারা ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য ব্যাংকের চেক ব্যবহার করত। চক্রের বাকি সক্রিয় সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available