ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১১ নভেম্বর বুধবার ভোরে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এবং পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বাসের বডির কিছু অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল বলে তাঁরা জানতে পেরেছেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বাস দুটি হলো বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে গেছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে যায়। এতে বিকল্প পরিবহনের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহনের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টিতে বাসে আগুন দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available