ডেস্ক রিপোর্ট: রাজধানীর কাফরুলে নারী পোশাকশ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৮ নভেম্বর বুধবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানা দুটিতে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম বেলা সোয়া ১০টার দিকে জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছেন।
এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এসব এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available