অনলাইন ডেস্ক: জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থাও কমেছে বলে দাবি তার।
২৯ নভেম্বর রোববার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এর আগে এনসিপির নেতাকর্মীরা আলুপট্টি মোড়ে জড়ো হয়ে মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশ করা হয়।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের অর্থ ও ভোট ব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন সমঝোতা’ ভেস্তে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েই দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।
আওয়ামী লীগের বিষয়ে তার ভাষ্য, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশে দলটি আর রাজনীতি করার সুযোগ পাবে না।
আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভারত এ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও এতে সহযোগিতা করছে। তাই, এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা ও পানির ন্যায্য হিস্যা আদায়ের।
সারজিস আলম বলেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা‘ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যম চিহ্নিত করে তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।
স্বৈরাচার, ভারত ও আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদনকারী কথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীলসমাজের প্রতিনিধিদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদের হুঁশিয়ারি দেন তিনি।
মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী প্রমুখ বক্তব্য দেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available