অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমে আসার প্রভাব পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি বাড়লেও ১০ নভেম্বর মঙ্গলবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় স্বর্ণের দাম কমেছে। খবর রয়টার্স’র
১০ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১১৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৯০ সেন্ট হয়েছে।
স্বর্ণের বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আগের কার্যদিবসে স্বর্ণের দাম যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এর অন্যতম কারণ হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, তেলের দামের পরিবর্তন ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশায় প্রভাব ফেলে।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা তাকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ডিসেম্বরের বৈঠকে সুদহার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি তিনি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে বলে ধারণা করছেন ৮৪ শতাংশ বিনিয়োগকারী। সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। মঙ্গলবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এ ছাড়া শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫৭১ ডলার ৭০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available