অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত ১৫ বছরের মধ্যে এটাই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার।
৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক উপস্থিত ছিলেন।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।
২০২৫ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চট্টগ্রাম নগরে, ৬৬ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রাম জেলায় (নগরসহ) পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪, বান্দরবানে ৪১ দশমিক ৪২, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩১ শতাংশ।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেন।বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে সৃজনশীল পদ্ধতি চালুর বছর পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available