অনলাইন ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভর্তি বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
গত ১০ নভেম্বর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ নির্দেশনা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এলাকাভিত্তিক ভর্তি ফি
মফস্বল এলাকা : সেশন চার্জসহ সর্বোচ্চ ফি ৫০০ টাকা।
উপজেলা পৌর এলাকা : সর্বোচ্চ ১ হাজার টাকা।
জেলা সদর পৌর এলাকা : সর্বোচ্চ ২ হাজার টাকা।
অন্যান্য মহানগর এলাকা (ঢাকা ছাড়া) : সর্বোচ্চ ৩ হাজার টাকা।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠান : সর্বোচ্চ ৫ হাজার টাকা।
ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠান : উন্নয়ন ও শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ ৮ হাজার টাকা।
ইংরেজি সংস্করণ (ঢাকা মহানগরী) : সর্বোচ্চ ১০ হাজার টাকা (তবে উন্নয়ন খাতে ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না)।
পুনঃভর্তি ফি নেওয়া যাবে না
নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে তাদের কাছ থেকে শুধু বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে; কোনো অবস্থাতেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা
সরকার নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অনিয়মের প্রমাণ মিললে প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে ভর্তি মৌসুমে অভিভাবকদের আর্থিক চাপ যেমন কমবে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি আদায়ের কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available