• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৯:০৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য: ড. মামুন আহমেদ

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:২৬

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য: ড. মামুন আহমেদ

ডেস্ক রিপোর্ট: আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

১২ নভেম্বর বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

আরও পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তিতে নতুন সিদ্ধান্ত

শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রো পিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।

আরও পড়ুন

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে বলে জানান তিনি। তাঁর মতে, গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।

গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রাখার কথাও বলেন ইউজিসি চেয়ারম্যান। কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও বলেন তিনি।

আরও পড়ুন

গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ করল সরকার

সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ