অনলাইন ডেস্ক: জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তুলতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার পরিসর বাড়ানো জরুরি।
১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আগামী দুই বছরে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পর্যায়ের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউজিসি। এ কার্যক্রম বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মাস্টার ট্রেইনার ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক তৈরি করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে নবীন শিক্ষকদের জন্য তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিতে জ্ঞানকে উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হওয়া। এই সম্পর্ক ও নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষার রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিনদের সঙ্গে প্রশাসন, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ, প্রত্যাশা ও উদ্বেগের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, পরিবর্তিত শিক্ষণপদ্ধতি ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের পেশাজীবনের প্রতিটি পর্যায়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সহকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকেরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে শিল্প খাতের বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজের সুযোগ তৈরি করাও এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
গত ১০ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নেন। আরডিএতে সাত দিনের প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আরো তিন দিনের অ্যাটাচমেন্ট কার্যক্রম সম্পন্ন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম। স্বাগত বক্তব্য দেন আরডিএর পরিচালক ড. মো. আবিদ হোসাইন মৃধা।
এদিকে পৃথক এক অনুষ্ঠানে এ অঞ্চলের ১২ জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর, মানোন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available