অনলাইন ডেস্ক: অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্য নিয়ে দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হয়। সরকার চায়, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। প্রত্যেক শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থী এ উপবৃত্তি পাবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে কার্যক্রমটি শুরু হবে। এর মাধ্যমে স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই উপকৃত হন না, তার পরিবারও এর সুফল পায়। পাশাপাশি শিক্ষিত জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখে। তাই আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।
শিক্ষার্থীদের সহায়তায় উপবৃত্তির পাশাপাশি নতুন বই ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বইয়ের সঙ্গে শিশুদের হাতে নতুন স্কুল ড্রেসও তুলে দিতে চায় সরকার।
তারেক রহমান বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন স্কুল পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে আগ্রহের কথা শোনেন। এ সময় শিক্ষার্থীরা তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে তিনি তাদের সঙ্গে ছবি তোলেন।
প্রতিযোগিতায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তাই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available