বিনোদন ডেস্ক: ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েন অভিনেত্রী রাশমিকা মান্দানা। মাসের সেই বিশেষ দিনগুলি আসার আগেই শুরু হয় উদ্বেগ তার। এমন কঠিন সময়ে কীভাবে তার যত্ন নেন স্বামী বিজয় দেবেরাকোন্ডা? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম ঋতুস্রাবের ভয়াবহ অভিজ্ঞতা থেকে দাম্পত্যের ব্যক্তিগত মুহূর্ত, সবটা খোলামেলা জানালেন তিনি।
স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত শুধু ভালোবাসা নয়, একে অপরের কঠিন সময়ে পাশে থাকাও। বিজয় সেই দায়িত্ব পালনে কোনও কমতি রাখেন না বলে জানালেন রাশমিকা।
সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, পিরিয়ডসের সময় বিজয় স্ত্রী রাশমিকার শারীরিক কষ্ট লাঘব করতে কখনও পেটে মালিশ করে দেন, কখনও আবার হাত-পা টিপে দেন।
ছোটবেলায় প্রথম ঋতুস্রাব হওয়ার স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে রাশমিকার। তার কথায়, ‘প্রথমবার যখন ঋতুস্রাব হয়েছিল, ভেবেছিলাম আমি বোধহয় মারা যাবো। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কাউকে কিছু বলার সাহস পাইনি। তখন স্যানিটারি প্যাড বলে যে কিছু রয়েছে, সেটাই জানতাম না। তাই তোয়ালে ভাঁজ করে ব্যবহার করেছিলাম। কোনও এক অদ্ভুত কারণে মনে হয়েছিল, এমনটা বোধহয় জীবনে একবারই হয়।’
এদিকে বিনোদন জগতে ঋতুকালীন ছুটি নিয়ে এখনও বিশেষ সচেতনতা তৈরি হয়নি বলেই মনে করেন অভিনেত্রী। তার মতে, কোনও যন্ত্রণা নিজে অনুভব না করলে অন্যের পক্ষে তার তীব্রতা বোঝা কঠিন।
রাশমিকা বলেন, ‘হাড় না ভাঙলে হাড় ভাঙার যন্ত্রণা বোঝা যায় না। আজ অনেক মহিলাই বড় বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তাদেরও এতদিন এই ধরনের কোনও সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করতে হয়েছে। ফলে সেটাই তাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে।’
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available