বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির লাল-সাদা শাড়ি, বাংলার সাবেকি সোনালি গয়না এবং মাতৃত্বের গল্প তুলে ধরা বিশেষ শিল্পকর্ম নিয়ে হাজির হন তিনি।
মাহির পরনে ছিল লাল-সাদা খাদির শাড়ি। পিঠে বহন করা বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর শৈশব, মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। এর মধ্য দিয়ে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ভালোবাসা ও মমতার বার্তা তুলে ধরেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বাংলাদেশ সময় ২২ নভেম্বর রোববার ভোর ৫টায় জাতীয় পোশাক পর্বে মঞ্চে ওঠেন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।
কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প
মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় দিয়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে সহজে চলাফেরার সুবিধার্থে আগে থেকেই সেলাই করে পরার উপযোগী করা হয়েছে।
শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। পাশাপাশি রয়েছে ব্লকপ্রিন্টের কাজ।
তবে শাড়ির পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি। এতে দেখানো হয়েছে একটি মেয়েশিশুর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে।
ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার বলেন, ‘শাড়িটি খুবই কম সময়ে ডিজাইন করা। মাত্র তিন দিন সময় পেয়েছিলাম। এর মধ্যে দুই দিন থিম ভেবে আগে মাতৃত্ব উদ্যাপনের ওই বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করি, যেটি আজ মাহি তাঁর পিঠে বহন করেছেন। আর শাড়ি তৈরি করেছি মাত্র এক দিনে।’
শিল্পকর্মটি বহনের সুবিধার্থে নয়টি আলাদা অংশে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কাঠ, ফোম, কাপড় ও শোলা।
সাবেকি গয়নায় বাংলার মায়েদের সাজ
শাড়ির সঙ্গে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির।
মাত্র সাত দিনে নয়জন কারিগর মিলে গয়নাগুলো তৈরি করেছেন। এ কাজে তাঁদের সম্মিলিতভাবে ব্যয় হয়েছে ৮৮০ কর্মঘণ্টা। প্রতিটি অলংকার হাতে তৈরি করা হয়েছে নিপুণভাবে।
তন্বী বলেন, ‘আমাদের জনপদের মায়েরা একসময় যে সাবেকি অলংকারে নিজেদের সাজাতেন—সীতাহার, কণ্ঠহার, বালা, কাঁটানা ঝুমকা—সেই চিরচেনা গয়নার নকশা, আভিজাত্য ও আবেগ থেকেই এসেছে এই সংগ্রহের অনুপ্রেরণা। এই সংগ্রহের প্রতিটি গয়নায় ফিরে দেখতে চেয়েছি আমাদের শিকড়, ঐতিহ্য এবং মায়েদের সাজে মিশে থাকা আবেগ।’
প্রস্তুতিতে পাশে ছিলেন মিথিলা
শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তাঁর পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
জাতীয় পোশাক নিয়ে এক দিন আগে পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। তাঁর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন মাহি।
মাহি বলেন, ‘অন্য সবকিছুর মতো ন্যাশনাল কস্টিউম নিয়েও ভেবেছেন মিথিলা আপুই। তাঁর মতো একজন বন্ধু, বড় বোন পাওয়ার কারণে আমার এত কম সময়েও অনেকটা গুছিয়ে নিতে পেরেছি।’
এদিকে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর এবং চূড়ান্ত পর্ব ও মুকুট পরানোর আয়োজন হবে ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্পের সমন্বয়ে মাহির এই পরিবেশনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও কারুশিল্প তুলে ধরার একটি বিশেষ প্রয়াস হয়ে উঠেছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available