বিনোদন ডেস্ক: তারকাদের বিয়েতে দামি পোশাক ও গয়না নিয়ে আলোচনা নতুন নয়। তবে বাগ্দানের আংটির দামও যে কয়েক কোটি টাকা হতে পারে, তা অনেকেরই ধারণার বাইরে। বলিউড অভিনেত্রীদের আঙুলে শোভা পাওয়া হিরের আংটির দাম কয়েক কোটি টাকা। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে শুরু করে শিল্পা শেঠী—সবার আংটিই নজর কেড়েছে। তবে তাঁদেরও ছাড়িয়ে গেছেন শিল্পপতি মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী। তার আংটির আনুমানিক দাম ৫৩ কোটি টাকারও বেশি!
এই তালিকায় প্রথমেই রয়েছে অভিনেত্রী অসিনের নাম। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের পর তার আঙুলে দেখা যায় ২০ ক্যারেটের বিশাল হিরে বসানো আংটি। বেলজিয়াম থেকে বিশেষভাবে তৈরি করানো হয়েছিল আংটিটি। এতে খোদাই করা রয়েছে দম্পতির নামের আদ্যক্ষর। এর আনুমানিক দাম ৬ কোটি টাকা।
এরপর রয়েছে শিল্পা শেঠীর আংটি। ২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের সময় পাওয়া প্রায় ২০ ক্যারেটের হিরে বসানো আংটির দাম আনুমানিক ৩ কোটি টাকা। আলিয়া ভাটের আংটিতেও রয়েছে বিশেষত্ব। রণবীর কাপুরের পছন্দের ‘৮’ সংখ্যার কথা মাথায় রেখে আংটিতে বসানো হয়েছে আটটি ছোট হিরে ও একটি বড় হিরে। এর দাম প্রায় ৩ কোটি টাকা।
প্রিয়াঙ্কা চোপড়ার টিফানি অ্যান্ড কোম্পানির প্ল্যাটিনামের আংটির দাম প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। দীপিকা পাড়ুকোনের আয়তাকার হিরের আংটির আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, রানি মুখার্জির আংটির দাম প্রায় ২ কোটি টাকা বলে জানা যায়।
এ ছাড়া তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, তার আংটির দাম আনুমানিক ১ কোটি টাকা। কিয়ারা আদভানীর আংটির দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ টাকা। সোনম কাপুরের আংটির আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
তবে বলিউড তারকাদের এসব হিসাব ছাড়িয়ে গেছে নীতা অম্বানীর আংটি। ৫২ দশমিক ৫৮ ক্যারেটের বিশাল হিরে বসানো এই আংটির আনুমানিক দাম ৫৩ কোটি টাকারও বেশি। পিছিয়ে নেই শিল্পপতি সুধা রেড্ডিও। তাঁর ২৩ ক্যারেটের হলুদ হিরের আংটির দাম প্রায় ২০ কোটি টাকা।
সব মিলিয়ে, তারকাদের বাগ্দানের আংটি শুধু ভালোবাসার স্মারকই নয়, অনেক ক্ষেত্রে তা হয়ে উঠেছে আভিজাত্য ও বিলাসিতারও প্রতীক।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available