বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় তাঁর এবারের যাত্রা শেষ হলো। তবে প্রাথমিক পর্বে পারফরম্যান্স ও দর্শক ভোটে আলোচনায় ছিলেন বাংলাদেশের এই প্রতিযোগী।
২৫ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী।
এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েস ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর কয়েক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
অন্যদিকে, বিচারকদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বাকি প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ নির্বাচন করা হয়।
সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিযোগীদের তালিকায় রয়েছেন—
১. নিউজিল্যান্ড
২. চিলি
৩. ব্রাজিল
৪. ভারত
৫. নেদারল্যান্ডস
৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ
৭. পেরু
৮. কিউবা
৯. সার্বিয়া
১০. ডমিনিকান রিপাবলিক
১১. কুরাসাও
১২. যুক্তরাষ্ট্র
১৩. ইসরায়েল
১৪. ইকুয়েডর
১৫. পুয়ের্তো রিকো
১৬. তানজানিয়া
১৭. মেক্সিকো
১৮. গিনি
১৯. কলম্বিয়া
২০. ইউক্রেন
২১. পানামা
২২. কোস্টারিকা
২৩. উগান্ডা
২৪. ফিলিপাইন
২৫. ফ্রান্স
২৬. ইথিওপিয়া
২৭. বেলজিয়াম
২৮. ভেনেজুয়েলা
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৩০. নিকারাগুয়া।
সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিযোগীরা সুইমস্যুট পর্বে অংশ নেন। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপের বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যায়।
এদিকে, প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অসুস্থতা নিয়েও অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। ২২ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক পর্বে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই মঞ্চে উপস্থিত হন তিনি। তাঁর পোশাক ও মঞ্চে হাঁটার ধরন নিয়ে ফ্যাশন বিশ্লেষকদের প্রশংসার কথাও প্রকাশ করেছে সংবাদমাধ্যম।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এবার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় সেখানেই শেষ হলো তাঁর মিস ইউনিভার্স অভিযান।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available