• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫৩:৫৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২১:৪৫

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি
মিস ইউনিভাস প্রতিযোগিতায় সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের এই প্রতিযোগী।

২৮ নভেম্বর শনিবার মিস ইউনিভার্স কর্তৃপক্ষ দর্শকদের ভোটে নির্বাচিত তিনটি বিভাগের ফল প্রকাশ করে। এতে সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে সেরা নির্বাচিত হন মাহি। আর জাতীয় পোশাক বিভাগে প্রথম হন কিউবার মিয়া ডিও। এ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন মাহি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে অংশ নিলেও তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় মঞ্চে তাঁর উপস্থিতিকে আলাদা করে তোলে। দর্শকদের ভোটে এ বিভাগে বিজয়ী হওয়ায় তাঁর সেই ব্যতিক্রমী উপস্থাপনাও নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন

ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পুলিশের জেরায় ৩ বাংলাদেশি!

অন্যদিকে, ইভনিং গাউন বিভাগেও দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ভারতের কাজিয়া লিজ মেজো এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চিলির দোমিঙ্গা লোপেজ।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। পোস্টে তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই সাফল্য কেবল নিজের নয়, বরং দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন মাহি। অন্য এক পোস্টে মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

ফের কাছাকাছি তারা ও বীর!

প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি লেখেন, মানুষের এই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

এর আগে ২৫ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। এতে ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন। শেষ পর্যন্ত আয়োজক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো মুকুট জয় করেন।

মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি। দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ থাকলেও শেষ মুহূর্তে সেই ভোটে জয়ী হন ইকুয়েডরের দালিয়া বুকারাম। ফলে মূল প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।

আরও পড়ুন

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি

তবে মুকুট না জিতলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে জয় এবং জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন হয়ে থাকল। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবশেষে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ