বিনোদন ডেস্ক: একাত্তরে বাংলাদেশের চারদিকে যখন গণহত্যা আর লাখো মানুষের হাহাকার, তখন সুদূর বিদেশে বসেও এই দেশের মানুষের কান্না ছুঁয়ে গিয়েছিল যার হৃদয়। গিটার হাতে সংগীতকেই বানিয়েছিলেন মানবতার অস্ত্র। তিনি জর্জ হ্যারিসন।
ব্রিটিশ এই কিংবদন্তি সংগীতশিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে হয়ে উঠেছিলেন এ দেশের অকৃত্রিম বন্ধু। আজ (২৯ নভেম্বর) তার ২৫তম মৃত্যুবার্ষিকী।
পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও শরণার্থীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে এগিয়ে আসেন হ্যারিসন। তার উদ্যোগেই ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’।
দুটি পরিবেশনায় প্রায় ৪০ হাজার দর্শকের সামনে এক মঞ্চে হাজির হন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল, পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।
এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। শুধু আয়োজনেই থেমে থাকেননি হ্যারিসন। নিজেই লিখেছেন ও সুর করেছেন ‘বাংলাদেশ’ গান। যে গানের সুরে বিশ্ববাসীর কাছে পৌঁছে যায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের আর্তনাদ।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই শিল্পী ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫৮ বছর বয়সে ক্যানসারে মারা যান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে বাংলাদেশ সরকার।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available