স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে গ্যালারিতে বসার সুযোগ মিলছে ফুটবলপ্রেমীদের। তবে মাঠে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ উপভোগ করতে হলে টিকিটের জন্য গুনতে হবে কমপক্ষে ১ হাজার টাকা।
২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা থেকে অনলাইনে শুরু হচ্ছে টিকিট বিক্রি। সর্বোচ্চ শ্রেণির টিকিটের দাম ১০ হাজার টাকা। ১ টিকিটে একই দিনের ২টি ম্যাচ দেখার সুযোগ থাকলেও টিকিট বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইকে ঘিরে আগের অভিজ্ঞতার কারণে দর্শকদের মধ্যে উদ্বেগও রয়েছে।
আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। গ্রুপপর্বে প্রতিদিন মাঠে গড়াবে ২টি করে ম্যাচ। ফলে একটি টিকিট কিনেই একই দিনে অনুষ্ঠিত ২ ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।
টিকিট সংগ্রহ করতে টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি নির্বাচন করে কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টিকিটের কিউআর কোড অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি। একই কোড ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে যিনি প্রথম স্টেডিয়ামে ঢুকবেন, কেবল তারই প্রবেশ নিশ্চিত হবে।
সাফের গ্রুপপর্বের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫টি শ্রেণিতে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ হবে ১ হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, রেড বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম ১০ হাজার টাকা।
টিকিটের দাম ব্যাখ্যা করে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেছেন, ‘এটা আসলে একটা দিনের পাস। ১ দিনে ২টি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট ১ হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’
টিকিট বিক্রি শুরু হওয়ার আগে আলোচনায় রয়েছে টিকিফাইয়ের নির্ভরযোগ্যতা। গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বেও ছিল এই প্ল্যাটফর্ম। সে সময় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়। অনেক দর্শক সাইটে প্রবেশ করতে পারেননি। আবার অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেছিলেন কেউ কেউ। তখন বাফুফে ও টিকিফাইয়ের পক্ষ থেকে সাইবার হামলার কথা বলা হয়েছিল।
এবার সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর কর্মকর্তা সজীব অবশ্য টিকিফাইয়ের ওপর আস্থা রাখছেন। তার ভাষ্য, ‘টিকিফাইয়ের প্রোফাইল এখন বেশ ভালো। প্রধানমন্ত্রী সম্প্রতি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে টিকিফাইয়ের প্রতি আস্থা রেখেছেন। সব কিছু বিবেচনা করেই টিকিফাইকে আমরা বেছে নিয়েছি।’
এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ২ গ্রুপের শীর্ষ ২টি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই, আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available