অনলাইন ডেস্ক: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শনিবার। দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাবারের ক্রমবর্ধমান ব্যবহার এ ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাঁদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তনের পাশাপাশি প্যাকেটজাত খাবারের মোড়কে বাধ্যতামূলক সতর্কবার্তা চালু করা জরুরি।
তাঁদের মতে, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে ভোক্তারা সহজেই পণ্যে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির পরিমাণ সম্পর্কে জানতে পারবেন। এতে স্বাস্থ্যকর খাবার নির্বাচনে সচেতনতা বাড়বে এবং খাদ্যজনিত ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব হবে।
আইডিএফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ডায়াবেটিসের চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা জানান, অতিপ্রক্রিয়াজাত খাবার ও পানীয়ের ব্যবহার বাড়ায় মানুষের মধ্যে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। এসব প্রক্রিয়াজাত খাবারে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।
গবেষণায় আরও উঠে এসেছে, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার শনাক্ত করতে সতর্কতামূলক লেবেল বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি।
এ পরিস্থিতিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালু করা প্রয়োজন।
গতকাল শুক্রবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available