অনলাইন ডেস্ক: দেশে এক বছরের ব্যবধানে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের হার ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যাদের ৫০ শতাংশই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া আক্রান্তদের বয়স ও পেশাগত পরিচয় বিশ্লেষণে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যানুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়। এতে ২ হাজার ৩০৫ জন নতুন রোগী শনাক্ত হন, যা আগের বছর ছিল ১ হাজার ৮৯১ জন। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন; আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।
প্রতিবেদনে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। বয়স বিবেচনায় আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে; বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার দিক থেকে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ একা বসবাসকারী বা বিচ্ছিন্ন।
আক্রান্তদের আচরণগত ও পেশাগত পরিচয় বিশ্লেষণে উঠে এসেছে, তাদের ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এর বাইরে বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশই দ্রুত চিকিৎসার আওতায় এসেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কার্যত শূন্যে নামিয়ে আনা যায়।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বাড়লেও সামগ্রিকভাবে পরীক্ষার পরিধি বাড়ানোর কারণেই বেশি রোগী শনাক্ত হয়েছেন। তিনি জানান, বিশেষ কিছু জনগোষ্ঠী, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে সংক্রমণের হার বেশি হওয়ায় তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর এ দুই গোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, যা এ বছর বেড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে। এদের একটি বড় অংশই তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।
এটিভি/ আএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available