• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৭:২৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৯:২৩

‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা নেতানিয়াহুর
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার আভাস পাওয়ার পর সমর্থকদের সামনে এ ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

২৭ অক্টোবর মঙ্গলবার রাতে জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’

মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপে প্রথমে বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া গেলেও পরবর্তী হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে আসে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের জরিপে আসনসংখ্যার হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে।

আরও পড়ুন

নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকোট-আরব জোটের সম্ভাবনা

দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর সর্বশেষ জরিপে নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ৪৯টি আসনে। আর আরব দলগুলো ১৯টি আসনে এগিয়ে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। একক দল হিসেবেও লিকুদ পার্টি এগিয়ে রয়েছে।

তবে নেতানিয়াহুর দল ও জোট এগিয়ে থাকলেও ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে পরবর্তী সরকার গঠনে দলগুলোকে নানা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে।

জরিপে এগিয়ে থাকার আভাস পাওয়ার পর জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হন নেতানিয়াহু। সম্ভাব্য সরকার গঠন নিয়ে এখনই আলোচনা করা আগাম হবে উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভোটের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার অপেক্ষা করবেন।

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতির এক বছর: ‘ব্যক্তিগত জীবন আর শান্তি দুটোই এখন অতীত’

তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।

এবারের নির্বাচনে ইসরায়েলি আরবেরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছেন। দেশটির প্রধান দুই রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠনে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নেতানিয়াহুকে মানুষের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে আইজেনকট বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে।

এ সময় সরকার গঠনের প্রত্যয়ের কথা জানিয়ে আইজেনকট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ