• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৭:২৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৮:৪৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত জুলাইয়ের তুলনায় যুদ্ধের ব্যয় বেড়েছে ২৫ শতাংশেরও বেশি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২৭ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের সর্বশেষ হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ পুনরায় মজুত করতে ২৯ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হবে। এ ছাড়া ধ্বংস বা ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম, বিমান ও ড্রোনের ক্ষতি পূরণে কংগ্রেসের কাছ থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

নেতানিয়াহুকে ঠেকাতে আইজেনকোট-আরব জোটের সম্ভাবনা

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলে ধারণা দিলেও সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানির দামেও এর প্রভাব পড়েছে।

যুদ্ধের শুরুতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ব্যয়বহুল ও অত্যাধুনিক নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পরে তুলনামূলক কম ব্যয়বহুল বোমা ব্যবহারের পরিকল্পনা করা হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে যুদ্ধবিরতির সুযোগে ইরান ভূগর্ভস্থ অস্ত্রের মজুত ও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় করে।

এরপর ইরানের তেল রপ্তানি থেকে আয় বন্ধ করতে দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের পর আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নির্দেশ দেওয়া হলে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতির এক বছর: ‘ব্যক্তিগত জীবন আর শান্তি দুটোই এখন অতীত’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির ব্যয় বৃদ্ধি এবং সংঘাত নিয়ে জনঅসন্তোষ রিপাবলিকান প্রার্থীদের ওপর চাপ তৈরি করেছে। দলটি বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ।

তবে পেন্টাগনের হিসাবে যুদ্ধ পরিচালনার বিভিন্ন ব্যয় অন্তর্ভুক্ত থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের বিপুল ব্যয় স্পষ্টভাবে ধরা হয়নি। ফলে যুদ্ধের মোট ব্যয় আরও বাড়তে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ